শিরোনাম

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২০

সিটিজেন ডেস্ক
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২০
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রবিবার (১৯ এপ্রিল) কাট্টানাপট্টি এলাকার ওই কারখানায় উৎপাদনকাজ চলাকালীন আকস্মিক এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনের প্রাথমিক ধারণা, বিভিন্ন রাসায়নিক দ্রব্য একসঙ্গে মেশানোর সময় অসতর্কতাবশত এ বিস্ফোরণ ঘটতে পারে। বিস্ফোরণের তীব্রতা এতটাই প্রবল ছিল যে কারখানার অন্তত ৪টি কক্ষ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং এর বিকট শব্দ প্রায় ১০ কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে। দুর্ঘটনার সময় কারখানার ভেতরে প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। খবর পেয়ে পার্শ্ববর্তী শিবকাশী, সাতুর ও বিরুধুনগর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকার আশঙ্কায় উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে এবং আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। একইভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে উদ্ধারকাজ তদারকি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য দুই মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, তিনি জেলা কালেক্টরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

বর্তমানে পুলিশ এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে। কারখানা কর্তৃপক্ষ যথাযথ নিরাপত্তাবিধি মেনে চলছিল কি না এবং বিস্ফোরণের প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি

/এমএকে/