শিরোনাম

ইসলামী ব্যাংক: আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম

নিজস্ব প্রতিবেদক
ইসলামী ব্যাংক: আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম
কথা বলছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুরনবী মানিক। ছবি: সিটিজেন জার্নাল

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণসহ ৫ দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন গ্রাহক ফোরাম। মঙ্গলবার (২ জুন) দুপুর ২ টায় সাংবাদিকদের এ কথা জানান ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুরনবী মানিক।

তিনি বলেন, আমরা আজকের জন্য কর্মসূচি সমাপ্ত করছি। আগামীকাল (বুধবার) সকাল ১১ টায় আমরা আবারও বিক্ষোভ মিছিল করবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সামনে আমরা বৃহত্তর আকারে কর্মসূচির ঘোষণা দেবো।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের গ্রাহকেরা সচেতন রয়েছে। যেখানে ‘অবৈধ’ চেয়ারম্যান মিটিং ডাকবে, আমরা সেখানেই হাজির হবো।

এর আগে, এদিন সকাল ৯টা থেকে মতিঝিলের দিলকুশা বাণিজ্যিক এলাকায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একই দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এক বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

জানা গেছে, মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার বিরুদ্ধে গতকাল সোমবার বিক্ষোভ করেন ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’ ও সচেতন নাগরিকরা। এ সময় আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। পরে অগ্রণী ব্যাংকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে পুলিশের হামলার নিন্দা জানান তারা।

এসব ঘটনার জেরে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’ আনুষ্ঠানিকভাবে ৫ দফা দাবি পেশ করেছে।

দাবিগুলো হলো–

১. বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ

২. ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণ

৩. এমডি ওমর ফারুক খানের পুনর্নিয়োগ

৪. জব্দ হওয়া এস আলমের শেয়ার বিক্রি

৫. সম্পদ ক্রোক করে লুণ্ঠিত অর্থ ফেরত আনা

/এফআর/