শিরোনাম

সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন

নিজস্ব প্রতিবেদক
সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন
সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুল ভূঁইয়ার জামিন দিয়েছেন হাইকোর্ট।

ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার অপহরণ ও হত্যা মামলার অন্যতম প্রধান আসামি শিমুল ভূঁইয়াকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ জুন) হাইকোর্টের একটি বেঞ্চ শুনানির পর এ আদেশ দেওয়ার পাশাপাশি তার জামিন প্রশ্নে রুল জারি করেন।

২০২৪ সালের ১৩ মে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে নৃশংসভাবে খুন করে লাশ টুকরো টুকরো করা হয়। এ হত্যাকাণ্ডের পর ওই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। মামলার তদন্ত চলাকালে একই বছরের ৫ জুন আদালতে দণ্ডবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এক সময়কার চরমপন্থী নেতা আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া। জবানবন্দি রেকর্ডের পর তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে এমপি আনার নিখোঁজ ও হত্যার শিকার হওয়ার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশ থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ তিনজন হলেন শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও সেলেস্টি রহমান।

/এমএকে/