শিরোনাম

হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২৮

সিটিজেন ডেস্ক
হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২৮
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৮ জনে। সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন করে মারা যাওয়া শিশুদের মধ্যে একজনের হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং বাকি সাতজন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত মারা যাওয়া ৬২৮ শিশুর মধ্যে উপসর্গ নিয়ে ৫৩৬ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯২ জন প্রাণ হারিয়েছে। গত ২৪ ঘণ্টায় যে আট শিশু মারা গেছে, তাদের মধ্যে সর্বোচ্চ তিনজন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৯২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯৭৪টি শিশু। আক্রান্তদের মধ্যে বরাবরের মতোই ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগে ২২১ জন এবং বরিশাল বিভাগে ১৩৪ জন। তবে আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ১ হাজার ১৯৪ জন রোগী হাসপাতাল থেকে ছুটি পেয়েছে।

চলতি বছরের গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৮০ হাজার ১০৪ জনের মধ্যে এই রোগের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৬৫ হাজার ২৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ল্যাব টেস্টে মোট ৯ হাজার ৭৭৯ জনের হাম নিশ্চিত হওয়া গেছে। চিকিৎসা শেষে এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬১ হাজার ২৭৮ জন।

/এমএকে/