শিরোনাম

সচিবালয়ে প্রবেশে অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করছে সরকার

সচিবালয়ে প্রবেশে অনলাইন রেজিস্ট্রেশন 
বাধ্যতামূলক করছে সরকার
বাংলাদেশ সচিবালয়। ছবি: সিজেডএন টোয়ান্টিফোর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত বাংলাদেশ সচিবালয়ে অফিস করছেন। এজন্য বিভিন্ন কাজে এখানে আসা দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চলবে। আগামি ১ জুলাই থেকে এই ব্যবস্থা কার্যকর করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে , আগে দর্শনার্থীরা সচিবালয়ে পাস নিয়ে ঢুকতে পারতেন। এখন রেজিস্ট্রেশনধারী সাধারণ দর্শনার্থীরা ওয়ান টাইম পাস বা এককালীন প্রবেশের অনুমতিপত্র নেওয়ার সুযোগ পাবেন। এই প্রক্রিয়াটি আগে কখনও ছিল না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সচিবালয় প্রবেশের ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। রেজিস্ট্রেশনধারী ব্যক্তিরাই ওয়ান টাইম পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন। তবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি জীবনে একবার করতে হবে। জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্তের সঙ্গে মিল রেখে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাধারণ দর্শনার্থীদের অনলাইনে ওয়ান টাইম পাস পেতে secpass.moha.gov.bd-এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর, জন্ম তারিখ ও নাম দিতে হবে। এনআইডির তথ্য যাচাইয়ের কাজ শেষ হলে সেখানে আবেদনকারীর ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর সচিবালয়ের ১ নম্বর গেটে স্থাপিত ‘কিয়স্ক মেশিনে’ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সিজেডএন টোয়ান্টিফোরকে বলেন, এই অনটাইম পাস ব্যবহার করে একজন ব্যক্তি সচিবালয়ে কতবার প্রবেশে করেছে সেই তথ্য জানা যাবে। কারণ যিনি এই পাসের জন্য আবেদন করবেন তার মোবাইল নম্বরসহ যাবতীয় তথ্য সফটওয়ারে সংরক্ষিত থাকবে। ওই মোবাইল নম্বরে ক্লিক করলেই আগত ব্যক্তির তথ্য–উপাত্ত সামনে চলে আসবে। তখন গেট থেকে তাকে একটি আইডি কার্ড দেওয়া হবে। ওই আইডি কার্ডটি গলায় ঝুলিয়ে রাখতে হবে। কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে কাজ বা সাক্ষাৎ শেষে কার্ডটি গেটে ফেরত দিতে হবে। তবে কোনো ব্যক্তি কার্ডটি ফেরত না দিয়ে সঙ্গে নিয়ে গেলে তার রেজিস্ট্রেশন বাতিল করাসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন, আগে দর্শনার্থীদের মধ্যে কে কতবার সচিবালয়ে এসেছেন সে সংক্রান্ত কোনো তথ্য কারও কাছে ছিল না। এখন রেজিষ্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হলে আগত ব্যক্তির তথ্য সফটওয়ারে সংরক্ষিত থেকে যাবে। এতে কোনো ব্যক্তি সচিবালয়ে এসে কোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড করলে তাকেও সহজে চিন্তিত করা সম্ভব হবে।

জানা গেছে, সচিবালয়ে বর্তমানে দিনে ৪০০–৫০০ দর্শনার্থী প্রবেশ করছেন। বর্তমান সরকার ক্ষমতার আসার পর সংখ্যাটি আরও বেশি। অন্তবর্তীকালীন সরকারের সময় গড়ে পাঁচ শতাধিক লোক প্রবেশ করতেন। এখন থেকে এখানে আসা ব্যক্তিদের রেকর্ড সংরক্ষিত থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন–১ অধিশাখা) মো. জসিম উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত সচিবালয়ে অফিস করছেন। তার নিরাপত্তার জন্য এখানে বাইরে থেকে আসা ব্যক্তিদের তথ্য–উপাত্ত সংরক্ষণ করা জরুরি। এজন্য দর্শনার্থীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে।

/বিবি/