শিরোনাম

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা
নিহতের স্বজনদের আহাজারি।

ঢাকার মৌচাকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। সোমবার (৮ জুন) রাতে মৌচাক সংলগ্ন আনারকলি মার্কেটের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের শরীরে গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খবর পেয়ে ঢামেক হাসপাতালে ছুটে আসেন নিহতের স্বজনরা।

এদিকে নিহত বিল্লাল হোসেনের বিরুদ্ধে সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয় ও এর মালিকের বাসায় ভাঙচুর এবং হামলার ঘটনায় তার নাম আলোচনায় আসে। ও হামলায় সোহাগ পরিবহনের মালিকের ভাইসহ অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছিলেন। পরিবহনের মালিক মো. ফারুক তালুকদার সে সময় অভিযোগ করেছিলেন, বিল্লাল হোসেনের নেতৃত্বেই হামলা চালানো হয়েছিল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের ওই ঘটনার পর বিল্লালকে স্বেচ্ছাসেবক দলের প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় এবং পরবর্তীতে তিনি পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন।

/এমএকে/