শিরোনাম

ভাইয়ের মামলায় কারাগারে তুরিন আফরোজ

সিটিজেন ডেস্ক
ভাইয়ের মামলায় কারাগারে তুরিন আফরোজ
ব্যারিস্টার তুরিন আফরোজ। ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে এবার তার ভাইয়ের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জাকির হোসাইন এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

বাদীপক্ষের আইনজীবী কফিল মাহমুদ রায়হান জানান, তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন আদালতে উপস্থাপন করা হয়েছিল। এদিন শুনানির জন্য তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, তুরিন আফরোজের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ এনে ২০২৪ সালের ১২ ডিসেম্বর আদালতে মামলা করেন তার ভাই শাহ নেওয়াজ আহাম্মদ। অভিযোগে বলা হয়, প্রভাব খাটিয়ে ও জালিয়াতির আশ্রয় নিয়ে তিনি পারিবারিক সম্পত্তি নিজের দখলে নেওয়ার চেষ্টা করেছেন।

তদন্ত শেষে মামলাটির বিষয়ে প্রতিবেদন জমা দেন পিবিআইয়ের পরিদর্শক মমিনুল ইসলাম। গত বছরের ২৩ জুলাই আদালতে দাখিল করা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাক্ষীদের জবানবন্দি, দালিলিক প্রমাণ এবং ঘটনার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, তুরিন আফরোজ কয়েকজন লোক নিয়ে তার মায়ের বাসায় প্রবেশ করেন এবং সেখানে ভাঙচুর চালান। একই সঙ্গে জমি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগও আনা হয়। তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, প্রতারণার উদ্দেশ্যে জাল হলফনামা তৈরির পাশাপাশি মামলার বাদী ও তাদের মাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

আইনজীবী তুরিন আফরোজ ২০১০ সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের মামলাসহ আলোচিত একাধিক মামলায় তিনি প্রসিকিউশনের পক্ষে দায়িত্ব পালন করেছিলেন।

তবে ২০১৯ সালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মুহাম্মদ ওয়াহিদুল হকের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ ওঠার পর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে অপসারণ করা হয়। সে সময় ওয়াহিদুল হকের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলা বিচারাধীন ছিল।

এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন তুরিন আফরোজ। জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে।

/এমআর/