শিরোনাম

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান

সিটিজেন ডেস্ক
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান শায়রুল হাসান

বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর বিশিষ্ট ব্যাংকার ও করপোরেট ব্যক্তিত্ব কাজী শায়রুল হাসানকে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ব্যাংকিং ও করপোরেট জগতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন কাজী শায়রুল হাসান চার দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং, আর্থিক সেবা, দ্রুত ভোগ্যপণ্য (এফএমসিজি), টেলিযোগাযোগ এবং সেবা খাতে তার পেশাগত অভিজ্ঞতা ৪১ বছরের বেশি।

পেশাগত জীবনে তিনি দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ফাইসন্স (ইউকে) লিমিটেড, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও ওয়ান ব্যাংকের মতো প্রতিষ্ঠানে নেতৃত্বস্থানীয় পদে কাজ করেছেন। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি শিল্প ব্যবস্থাপনা বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট (পিজিডিআইএম) সম্পন্ন করেছেন।

এদিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ষষ্ঠ সভা আগামী ১০ জুন বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম, আর্থিক অবস্থার বর্তমান চিত্র এবং ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা রয়েছে।

/এমআর/