শিরোনাম

রুয়েটে গাঁজা সেবনের অভিযোগে ৪ শিক্ষার্থী আটক, সিট বাতিল

রুয়েট সংবাদদাতা
রুয়েটে গাঁজা সেবনের অভিযোগে ৪ শিক্ষার্থী আটক, সিট বাতিল
রুয়েটের প্রধান ফটক

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে আটক করেছে প্রশাসন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তাদেরকে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং সিট বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) রাত আনুমানিক দশটার দিকে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সেলিম হলের একটি কক্ষে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় চার শিক্ষার্থীকে গাঁজা সেবনের অবস্থায় পাওয়া যায় এবং তাদের কাছ থেকে কিছু পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অভিযানে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী এবং শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের প্রভোস্ট অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক।

এ বিষয়ে সহকারী ছাত্রকল্যাণ পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্যাম্পাসে মাদকমুক্ত ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এমআর/