শিরোনাম

ভোট দিলেন রাজশাহী কারাগারের ২০৪ বন্দি, দেননি সাবেক দুই এমপি

রাজশাহী সংবাদদাতা
ভোট দিলেন রাজশাহী কারাগারের ২০৪ বন্দি, দেননি সাবেক দুই এমপি
কারাগার। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ২০৪ জন বন্দি। এই কারাগারে ২ হাজার ৬০০ জন হাজতি ও কয়েদি আছেন। তাদের মধ্যে ভোট দিতে ২৭৩ জন নিবন্ধন করেন।

এই কারাগারে বন্দি আছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি এনামুল হক। তবে আওয়ামী লীগের এই দুই নেতা ভোট দেননি। ভোট দেওয়ার জন্য তারা নিবন্ধনও করেননি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান।

কারা সূত্র জানিয়েছে, বন্দিদের মধ্যে প্রায় অর্ধেক সাজাপ্রাপ্ত কয়েদি। বাকি অর্ধেক বিচারাধীন মামলায় বন্দি থাকা হাজতি। তাদের অনেকে ভোটার হতে পারেননি। এজন্য নিবন্ধন করতে পারেননি। ভোটাধিকার প্রয়োগ করা ২০৪টি ব্যালট পোস্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, ‘আমরা সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। যারা ইচ্ছুক তারা নিবন্ধন করেছিলেন। সাবেক দুই এমপি ভোট দিতে চাননি। আমরা তো কাউকে জোর করবো না। যারা ভোট দিয়েছেন তাদের ব্যালট পোস্ট অফিসে পাঠিয়ে দিয়েছি।’

/এসআর/