শিরোনাম

‘রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেওয়া প্রশাসনের কাজ নয়’

নরসিংদী  সংবাদদাতা
নরসিংদী সংবাদদাতা
‘রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেওয়া প্রশাসনের কাজ নয়’
পলাশ উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান

নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, প্রশাসনের কাজ কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেওয়া নয়; বরং নিরপেক্ষ থেকে জনগণের সেবা নিশ্চিত করা।

শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে জিআরের চাল ও গৃহ মঞ্জুরি বাবদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য মঈন খান বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নীতি প্রণয়নের দায়িত্ব জনপ্রতিনিধিদের, আর সেই নীতির বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা।

সংসদ সদস্য আরও বলেন, অতীতে প্রশাসনকে দলীয়করণের কারণে সুশাসন ব্যাহত হয়েছে। দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে দেশের বিপুল সম্পদ বিদেশে চলে গেছে। ওই অর্থ দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করা হলে বাংলাদেশ আরও সমৃদ্ধ হতে পারত।

পরে শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জিআরের চাল এবং গৃহমঞ্জুরি বাবদ নগদ অর্থ বিতরণ করেন ড. মঈন খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

/এসআর/