শিরোনাম

কামরাঙ্গীরচরে ডিএসসিসির বৃক্ষরোপণ কর্মসূচি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
কামরাঙ্গীরচরে ডিএসসিসির বৃক্ষরোপণ কর্মসূচি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লোগো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের কামরাঙ্গীরচর এলাকায় বিশেষ মশক নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল আড়াইটায় কামরাঙ্গীরচর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

কর্মসূচিতে বৃক্ষরোপণকে দল-মতের ঊর্ধ্বে রেখে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি চারা রোপণের পরিকল্পনা সফল করার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। গাছ কোনো দলের সম্পদ নয়। যে-ই গাছ লাগান না কেন, এর সুফল পুরো দেশ ও সমাজ পাবে।

আবদুস সালাম বলেন, গাছ মানুষের আরেকটি প্রাণ। গাছ থেকে মানুষ অক্সিজেন পায় এবং যানবাহনসহ বিভিন্ন উৎস থেকে সৃষ্ট কার্বন ডাই-অক্সাইড ও দূষিত বায়ু শোষণ করে। কিন্তু গাছের সংখ্যা কমে যাওয়ায় ঢাকার বায়ুদূষণ দিন দিন বাড়ছে। এতে মানুষের বিভিন্ন রোগব্যাধি বাড়ার পাশাপাশি হৃদ্রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। তাই নিজের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার জন্যও বেশি করে গাছ লাগাতে হবে।

কামরাঙ্গীরচরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিটি স্কুলে গাছ লাগানো হলে পুরো এলাকা সবুজে ভরে উঠবে। শিক্ষার্থীদের শুধু গাছ লাগালেই হবে না, এর পরিচর্যা ও সুরক্ষার দায়িত্বও নিতে হবে।

কামরাঙ্গীরচরের উন্নয়ন প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই এলাকায় বিভিন্ন উন্নয়নকাজ শুরু হয়েছে। রাস্তাঘাট, মাঠ ও জলাবদ্ধতা নিরসনের কাজ চলছে। তবে কয়েক মাসের মধ্যে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধান করা হবে।

মশাবাহিত রোগ প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাড়ি বা আশপাশে তিন দিনের বেশি পানি জমে থাকলে সেখানে মশার লার্ভা জন্মাতে পারে। তাই মশার ওষুধ ছিটানোর পাশাপাশি নিজ নিজ এলাকায় যাতে পানি জমে না থাকে, সে বিষয়েও নাগরিকদের সচেতন হতে হবে।

অনুষ্ঠানে কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাইম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এমআর/