শিরোনাম

পরীক্ষার দিন সকালে ছাদ থেকে লাফ, এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহ সংবাদদাতা
পরীক্ষার দিন সকালে ছাদ থেকে লাফ, এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
কোতোয়ালি মডেল থানা, ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীতে এইচএসসি পরীক্ষা দিন সকালে ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। গত দুই বছর ধরে তিনি কাচিঝুলী মসজিদ রোডের ২/ক/৩ নম্বর হোল্ডিংয়ের ‘নাসা টাওয়ার’ ভবনের একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর মাত্র ৪ ঘণ্টা আগে তিশা ওই ৬ তলা ভবনের ছাদে উঠে নিচে লাফিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকালের দিকে মেসের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকায় ঘটনার মুহূর্তে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কিছুই জানাতে পারেননি।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, তদন্তের মাধ্যমে জানা যাবে কী ঘটনার কারণে তিশার এমন মৃত্যু হলো।

/এসআর/