শিরোনাম

ইতিহাস গড়ে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইতিহাস গড়ে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করেছেন তাওহীদ হৃদয়

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের করা ৫১২ রানের পাহাড়সম লক্ষ্যটা বাংলাদেশ ‘এ’ দলের জন্য শুরুতে ছিল রীতিমতো আতঙ্কের। তবে শেষ দিনে এসে একা হাতেই ম্যাচের সব হিসেবনিকেশ বদলে দিলেন অধিনায়ক তাওহীদ হৃদয়। অবিশ্বাস্য ব্যাটিংয়ে প্রোটিয়া বোলিং আক্রমণকে ধুলিস্যাৎ করে দলকে লিড দেওয়ার পাশাপাশি নাম লেখালেন বাংলাদেশের ক্রিকেটের এক বিরল ইতিহাসে।

৪৫০ বলের দারুণ ধৈর্য ও দৃঢ়তায় প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম ট্রিপল সেঞ্চুরি পূরণ করেন হৃদয়। বাংলাদেশের ইতিহাসে মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে এ তিনশো রানের ক্লাবে পা রাখলেন তিনি। আগের দিন যেখানে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি উদ্‌যাপন করেছিলেন, সেখান থেকেই শেষ দিনে ম্যাচ টেনে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়।

অবশ্য হৃদয়ের এ ঐতিহাসিক ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন জাকের আলী। পঞ্চম উইকেটে দুজনে যোগ করেন ১৫১ রান। দুর্ভাগ্যবশত সেঞ্চুরির খুব কাছে গিয়েও ৯৪ রানে থেমে যান জাকের। ১৬৮ বলের লড়াকু ইনিংসটি শেষ হয় মাত্র ছয় রানের আক্ষেপ নিয়ে। এরপর ষষ্ঠ উইকেটে মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে প্রোটিয়া বোলারদের ওপর ছড়ি ঘোরাতে থাকেন হৃদয়। সাইফউদ্দিনের ১৭১ বলে ৮৭ রানের কার্যকরী ইনিংস এবং তাদের ১৮৫ রানের বড় জুটিতে সফরকারীদের বড় লিড নিশ্চিত হয়ে যায়।

ম্যাচের শুরুটা অবশ্য পুরোপুরি স্বাগতিকদের দখলেই ছিল। লেসেগো সেনোকওয়ানের ১১১ ও সিনেথেম্বা কেশিলের ১২৮ রানের চমৎকার দুটি শতকের পাশাপাশি গ্যাভিন কাপলানের ৯৭ রানের ওপর ভর করে ৫১২ রানের পাহাড়ে ওঠে দক্ষিণ আফ্রিকা ‘এ’। জবাব দিতে নেমে তৃতীয় দিন শেষে ৩৭১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ ‘এ’। কিন্তু শেষ সকালে তাওহীদ হৃদয়ের ব্যাটিংয়ে ভর করেই দক্ষিণ আফ্রিকার মাটি থেকে লেখা হলো ঘুরে দাঁড়ানোর এক নতুন মহাকাব্য।

/এমএকে/