শিরোনাম

ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
দুর্ঘটনাকবলিত ট্রাক

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সিএনজির যাত্রী। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা নান্দাইল থেকে ত্রিশালের দিকে যাচ্ছিল। পথে ত্রিশালের বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১২-৪৬৪৩) সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুই যাত্রীর মৃত্যু হয়।

এ ঘটনায় সিএনজিচালক ফাইজুল ইসলাম, যাত্রী রুবেল (৩০), হৃদয় (২২) ও নাদিম (২২) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল জানান, দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। আর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/