শিরোনাম

যে মাঠে বিশ্বজয়, সেখানেই হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যে মাঠে বিশ্বজয়, সেখানেই হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি
বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড় তাওহিদ হৃদয়

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্ক বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক বিশেষ স্মৃতির নাম। ২০২০ সালে এই মাঠেই ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। দেশের ক্রিকেটের প্রথম বিশ্বজয়ের সেই দলের সদস্য ছিলেন তাওহিদ হৃদয়।

ছয় বছর পর সেই স্মৃতির মাঠেই আবার ইতিহাস গড়লেন তিনি। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করেছেন হৃদয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ৩২৮ রানে অপরাজিত ছিলেন।

এই কীর্তির মধ্য দিয়ে বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করলেন হৃদয়। সব মিলিয়ে বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটার তিনি। এর আগে এই কীর্তি গড়েছিলেন রকিবুল হাসান ও তামিম ইকবাল।

তবে দক্ষিণ আফ্রিকা সফরে হৃদয়ের যাওয়ার কথা শুরুতে ছিল না। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জাকির হাসান চোটে পড়ার পর দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেন হৃদয় নিজেই।

আগামী নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরের কথা রয়েছে। তার আগে দেশটির কন্ডিশনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতেই ‘এ’ দলের সফরে যেতে চেয়েছিলেন তিনি। সুযোগ পেয়ে শুধু কন্ডিশনের সঙ্গে মানিয়েই নেননি, ব্যাট হাতে দলকেও বিপদ থেকে টেনে তুলেছেন।

পচেফস্ট্রুমে গত রবিবার শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ আনঅফিশিয়াল টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল করে ৫১২ রান।

জবাব দিতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। ৩৭ রানেই দুই উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন হৃদয়। পরে দলের রান ১৩৫ হতে না হতেই পড়ে যায় চার উইকেট।

সেখান থেকে প্রতিরোধ গড়েন হৃদয়। জাকের আলী ও মোহাম্মদ সাইফউদ্দিনকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়ে বাংলাদেশ ‘এ’ দলকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেন তিনি।

ম্যাচের তৃতীয় দিনেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। দিন শেষে ২০৪ রানে অপরাজিত ছিলেন তিনি। শেষ দিনে লেজের সারির ব্যাটারদের নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান এবং শেষ পর্যন্ত ট্রিপল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করে গড়েন নতুন ইতিহাস।

হৃদয়ের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রথম ইনিংসের রান টপকে প্রায় ১৫০ রানের লিড পেয়েছে। নাটকীয় কোনো পরিবর্তন না ঘটলে ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছে।

/এমআর/