শিরোনাম

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

সিটিজেন ডেস্ক
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশির মৃত্যু
আবদুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত এক বাংলাদেশি মারা গেছেন। তার নাম আবদুল্লাহ আল মামুন (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।

বুধবার (১৮ মার্চ) সকালে নিহতের বাবা শহীদ সওদাগর ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৮ মার্চ ইফতারের আগমুহূর্তে আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে অবস্থানকালে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হন মামুন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও জানান, মঙ্গলবার (১৭ মার্চ) সৌদি আরবের সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

নিহতের মামাতো ভাই শাওন মোড়ল জানান, আবদুল্লাহ আল মামুনের একটি ছেলেসন্তান রয়েছে।

উল্লেখ্য, ৮ মার্চের ওই হামলায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নিহত হন। এ ঘটনায় মামুনসহ আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হন।

/এসএ/