শিরোনাম

অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাসের সুপারভাইজারকে জরিমানা

সিরাজগঞ্জ সংবাদদাতা
অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাসের সুপারভাইজারকে জরিমানা
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইটি বাসকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার অর্থ ফেরত দেওয়া হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকাল ৬টায় উপজেলার মুকুন্দগাতী এলাকায় কুড়িগ্রামগামী বাসগুলোতে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান।

জানা যায়, ‘অপরূপা’ নামের বাসে জনপ্রতি নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ৩০০ টাকা নিয়েছে। এই অভিযোগে বাসটির সুপারভাইজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে ‘পিংকী’ নামের বাসে জনপ্রতি ভাড়ার অতিরিক্ত ১০০ টাকা করে যাত্রীদের কাছ থেকে নেওয়া হয়। এ জন্য সুপারভাইজারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত অভিযানের সময় বাসগুলোতে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেন।

সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান বলেন, কুড়িগ্রামগামী বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। এই অভিযোগে দুইটি বাসের সুপারভাইজারকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়েছে।

/এসআর/