শিরোনাম

ঈদযাত্রায় সরগরম সদরঘাট লঞ্চ টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক
ঈদযাত্রায় সরগরম সদরঘাট লঞ্চ টার্মিনাল
ঘরমুখো মানুষের ভিড়ে সরগরম সদরঘাট লঞ্চ টার্মিনাল। ছবি: সিটিজেন জার্নাল

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে পরিবার-প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে রাজধানী ছেড়ে লঞ্চযোগে বাড়ির পথে ছুটছেন হাজারো মানুষ। আর এই ঘরমুখো মানুষের ঢলে সরগরম হয়ে উঠেছে সদরঘাট লঞ্চ টার্মিনাল।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে টার্মিনালে গিয়ে দেখা যায়, হাজার হাজার যাত্রী নিজ নিজ লঞ্চে ওঠার জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন। লঞ্চের দায়িত্বরত কর্মীরা তাদেরকে নির্ধারিত লঞ্চে ওঠার জন্য সাহায্য করছেন। কেউ হাতে, কেউ মাথায় ব্যাগ বহন করে দ্রুত লঞ্চের দিকে ছুটছেন। যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে নৌ-পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষও দায়িত্বশীলভাবে কাজ করছেন।

রাজধানী ছেড়ে লঞ্চযোগে বাড়ির পথে ছুটছেন হাজারো মানুষ। ছবি: সিটিজেন জার্নাল
রাজধানী ছেড়ে লঞ্চযোগে বাড়ির পথে ছুটছেন হাজারো মানুষ। ছবি: সিটিজেন জার্নাল

অনেক যাত্রী আগে থেকেই কেবিন নিশ্চিত করতে পারলেও, কেউ কেউ কেবিন না পেয়ে লঞ্চের খোলা জায়গা বা ছাদে বিছানা পেতে বসেছেন। এম ভি ফারহান-৪-এর এক যাত্রী বলেন, কেবিন পাইনি। লঞ্চে এসে দেখি সব জায়গায় ভিড়। তাই বাধ্য হয়ে লঞ্চের ছাদে বিছানা পেতেছি।

ভেতরে জায়গা না পেয়ে অনেক যাত্রী বাধ্য হয়ে লঞ্চের ছাদেই বিছানা বিছিয়ে বসেছেন। ছবি: সিটিজেন জার্নাল
ভেতরে জায়গা না পেয়ে অনেক যাত্রী বাধ্য হয়ে লঞ্চের ছাদেই বিছানা বিছিয়ে বসেছেন। ছবি: সিটিজেন জার্নাল

অন্যদিকে, এম ভি তাসরিফ-১ এর যাত্রী মোরসালিন বলেন, আমি আগেই কেবিন বুকিং দিয়েছি। তবে লঞ্চ মিস হওয়ার আশঙ্কায় সকাল সাড়ে দশটায় চলে এসেছি। এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। শান্তিমতো লঞ্চে উঠতে পেরেছি।

খোঁজে জানা গেছে, ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত মোট ৩৬টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে এবং ৪২টি লঞ্চ ঢাকায় পৌঁছেছে।

/এসএ/