শিরোনাম

ইরান যুদ্ধে বিজয় হয়েছি, তবে লক্ষ্য পূরণ হয়নি: ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

সিটিজেন ডেস্ক
ইরান যুদ্ধে বিজয় হয়েছি, তবে লক্ষ্য পূরণ হয়নি: ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার। ছবি: আন্দুলা এজেন্সি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ইতোমধ্যে বিজয় অর্জনের দাবি করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার। তবে যুদ্ধের মূল লক্ষ্য এখনো পূরণ হয়নি বলেও স্বীকার করেছেন তিনি।

জেরুজালেমে মঙ্গলবার (১৭ মার্চ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে গিদেওন সার বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে আমরা ইতোমধ্যে বিজয় পেয়েছি। ইরান নাটকীয়ভাবে দুর্বল হয়েছে এবং আগের অবস্থায় আর ফিরতে পারবে না।

তবে তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে আমরা এই যুদ্ধ শুরু করেছিলাম, তা এখনো অর্জিত হয়নি। ইরানের বর্তমান সরকার আমাদের অস্তিত্বের জন্য হুমকি। সেই হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত আমাদের ধৈর্য ধরে এগোতে হবে এবং মিশন শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন সংলাপ চলে। তবে কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।

এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময়ে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে।

এই হামলাগুলোতে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার মোহাম্মদ পাকপৌর।

এছাড়া বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষের প্রাণহানির কথাও উল্লেখ করা হয়েছে।

তবে এত ক্ষয়ক্ষতির পরও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তেহরান, যা এখনো অব্যাহত রয়েছে।

সূত্র: এএফপি

/এসএ/