শিরোনাম

ময়মনসিংহে কলেজছাত্রের মরদেহ উদ্ধার: গ্রেপ্তার ৬

ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহে কলেজছাত্রের মরদেহ উদ্ধার: গ্রেপ্তার ৬
প্রতীকী ছবি

ময়মনসিংহ নগরের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজের দুই শিক্ষার্থী ব্রহ্মপুত্র নদের পাড়ে বেড়াতে গিয়ে ছিনতাইকারী ‘কিশোর গ্যাং’এর কবলে পড়েছিলেন। ব্রহ্মপুত্র নদ সাঁতরে একজন বেঁচে ফিরলেও শুক্রবার রাতে অন্যজনের মরদেহ উদ্ধার হয়েছে।

এ ঘটনায় কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম নুরুল্লাহ শাওন। তিনি আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর জাকালিয়া গ্রামে।

পুলিশ জানায়, মৃতের মা কোতয়ালি মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। পরে পুতথ্য প্রযুক্তির সহায়তায় নেত্রকোনা থেকে দেবরাজ নামে একজনকে এবং ময়মনসিংহ থেকে বিশাল, হৃদয়, বিপুল, রাজ, বিশাল নামে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানজিল আহমেদ বলেন, শহরকে ছিনতাই ও মাদকমুক্ত করতে হবে। হত্যায় জড়িত প্রত্যেককে দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, ১৮ ফেব্রুয়ারি বিকালে ব্রহ্মপুত্র নদের পারে ঘুরতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েন শাওন ও মঞ্জুরুল। নদ সাঁতরে মঞ্জুরুল তীরে উঠলেও নিখোঁজ ছিলো শাওন। শুক্রবার রাতে ব্রহ্মপুত্র নদ থেকে শাওনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

/এসআর/