শিরোনাম

১৭ বছরের দুর্নীতি দূর করতে সময় লাগবে: ত্রাণমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ প্রতিনিধি
১৭ বছরের দুর্নীতি দূর করতে সময় লাগবে: ত্রাণমন্ত্রী
মানচিত্রে আমডালা খাল দেখেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: প্রতিনিধি

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, গত ১৭ বছরে দেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তা পুরোপুরি দূর করতে কিছুটা সময় লাগবে। তবে খাল খননসহ উন্নয়ন প্রকল্পগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে সরকার।

বুধবার (২৪ জুন) দুপুরে শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের আমডালা শ্মশানঘাট সংলগ্ন আমডালা খাল পুনর্খনন কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

খাল পুনর্খনন কাজে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

ত্রাণমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছর দেশে প্রায় ১ হাজার ৫০০ খাল খনন করা হয়েছে এবং পাঁচ বছরে মোট ৭ হাজার খাল পুনর্খননের উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, তিস্তা ও পদ্মা নদীকে কেন্দ্র করে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। যেসব নদীর পানিপ্রবাহ কমে গেছে, সেইসব নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং পানির প্রবাহ বৃদ্ধি করতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

স্থানীয়রা জানান, আমডালা খাল পুনর্খনন সম্পন্ন হলে এলাকার ৬টি গ্রামের কৃষক সরাসরি উপকৃত হবেন। এর ফলে প্রায় ৮০০ হেক্টর কৃষিজমিতে সেচ সুবিধা সম্প্রসারিত হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা, সংসদ সদস্য এস এ কবির জিন্নাহসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

/এসআর/