শিরোনাম

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
সিংগাইর থানা। ছবি: সিটিজেন জার্নাল

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে রাজীব (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) ভোররাতে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ।

নিহত রাজীব ঢাকার জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের ফুলবারের ছেলে।

স্থানীয়দের বরাতে সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ জানান, রবিবার দিবাগত মধ্যরাতে উপজেলার জিয়ানগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, নিহত রাজীব বাড়ির টিনশেড ঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এসময় তার ৪ থেকে ৫ জন সহযোগী বাড়ির বাইরে অবস্থান করছিল। ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে বাইরে থাকা সহযোগীদের দেয় রাজিব।

এ সময় গৃহকর্তা হাকিম আলী বিষয়টি টের পেয়ে বাধা দিলে তার সঙ্গে রাজীবের ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে হাকিম আলী আঘাত পান। পরে তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনার পর এলাকাবাসী রাজীবকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এফআর/