শিরোনাম

শৈলকূপায় ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০

সিটিজেন ডেস্ক
শৈলকূপায় ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার চর গোলকনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ভিজিএফের কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে শৈলকূপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের চর গোলকনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মির্জাপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণের জন্য ইউনিয়ন পরিষদ থেকে কার্ড ইস্যু করা হয়। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের ওয়ার্ড বিএনপি নেতা সায়েম আলীর কাছে ভিজিএফ কার্ড চান যুবদল নেতা শামীম হোসেন লস্কর। এ সময় দুজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে বিষয়টি মীমাংসার জন্য ওইদিন সন্ধ্যায় স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক বসে। তবে সালিশ চলাকালেই সায়েম আলী ও শামীম হোসেনের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে এবং তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। পরবর্তীতে রাতে দফায় দফায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতালসহ উপজেলার অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়। পুনরায় সংঘর্ষ এড়াতে চর গোলকনগর গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ বলেন, দলীয় নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে দলীয়ভাবে অনুসন্ধান ও তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

/এমআর/