শিরোনাম

সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা

ফরিদপুর সংবাদদাতা
ফরিদপুর সংবাদদাতা
সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা
সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ফরিদপুর শহরে টেপাখোলায় সরকারি শিশু পরিবার (বালিকা)

ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারের (বালিকা) এক কিশোরী অন্তঃসত্ত্বার হওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ মামলার একমাত্র আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

এছাড়াও দায়িত্বে অবহেলার অভিযোগে শিশু পরিবারের ৫ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি শুরু থেকে গোপন থাকলেও বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বিষয়টি জানাজানি হয়।

ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও শিশু নিবাসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফ হোসেন বাদী হয়ে ৬ জুলাই ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি করেন। দুই দিন পর গত বুধবার গ্রেপ্তার করা হয় মামলার একমাত্র আসামি মো. ওয়াহিদ শেখকে। তিনি পেশায় দরজি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কিশোরী বুদ্ধিপ্রতিবন্ধী। সে ফরিদপুর শহরের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। শিশু পরিবার থেকে বিদ্যালয়ে যাতায়াত করে। গত ৫ জানুয়ারি বিকালে স্কুল থেকে আসার সময় মেয়েটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন ওয়াহিদ শেখ। এরপর আরও কয়েকবার মেয়েটির সঙ্গে তিনি একই কাজ করেন। এর মধ্যে মেয়েটির শারীরিক পরিবর্তন ও জটিলতা দেখা দেয়। ৬ জুলাই তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ওই কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বা।

এদিকে শিশু পরিবারে দায়িত্ব অবহেলার দায়ে গত বুধবার সমাজসেবা অধিদপ্তরের পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন– সহকারী তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান, কম্পিউটার অপারেটর আবীর দাস, মেট্রন-কাম-নার্স মনি আক্তার এবং আয়া শামসুন্নাহার আক্তার ও তানিয়া তাজরীন।

কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন সমাজসেবা অধিদপ্তরের উপসচিব ও পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সাইফুল ইসলাম।

এ বিষয়ে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান বলেন, আদালতের নির্দেশে মেয়েটিকে সমাজসেবা বিভাগের অধীন ‘নারী ও শিশু কিশোরী মহিলা হেফজতিদের আবাসন কেন্দ্র’-এ রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এসআর/

বিষয়:

ফরিদপুর