শিরোনাম

রাজনীতি ক্ষমতা ভোগের নয়, এটি জনগণের ভাগ্য উন্নয়নের মাধ্যম: তথ্যমন্ত্রী

বরিশাল সংবাদদাতা
বরিশাল সংবাদদাতা
রাজনীতি ক্ষমতা ভোগের নয়, এটি জনগণের ভাগ্য উন্নয়নের মাধ্যম: তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ অন্যরা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য এবং জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকার কাজ করে যাচ্ছে। রাজনীতি শুধু ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়, বরং জনগণের ভাগ্য উন্নয়নের একটি মাধ্যম।

শুক্রবার (১০ জুলাই) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, দেশকে সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন। এ উদ্যোগ সফল করতে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ সফরের মূল উদ্দেশ্য বৃক্ষরোপণ কর্মসূচি। সফরকালে দক্ষিণাঞ্চলের উন্নয়ন এবং বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে। সামাজিক উন্নয়ন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মাঝে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগাতে হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান। পরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঔষধি ও ফলজ গাছের চারা রোপণ করেন।

/এসআর/