শিরোনাম

নরসিংদীতে বাকপ্রতিবন্ধী ববি বেগমের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৫

নরসিংদী  সংবাদদাতা
নরসিংদী সংবাদদাতা
নরসিংদীতে বাকপ্রতিবন্ধী ববি বেগমের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৫
ববি বেগম

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ বলেন, গ্রেপ্তার পাঁচজন হলেন– সাকিব মিয়া, ইলিয়াছ মিয়া, বিল্লাল মিয়া, দ্বীন ইসলাম ও রিফাত মিয়া। তাদের মধ্যে দ্বীন ইসলাম ও রিফাত মিয়াকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে গ্রেপ্তার করা হয়। অন্য তিনজনকে মেথিকান্দা রেলস্টেশনের আশপাশ থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে গত শনিবার দিবাগত রাত ২টার দিকে রেলস্টেশনের পরিত্যক্ত একটি কক্ষে ঘুমিয়ে থাকা ববি বেগমকে মারধরের পর তার জমানো টাকা লুট করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। হামলায় তার চোখ, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে দিবাগত রাত সোয়া ১টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার ৫ জন
বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার ৫ জন

রেলওয়ে পুলিশ সূত্র জানায়, দুই যুগ আগে এক দুপুরে মেথিকান্দা রেলস্টেশনে একটি ট্রেন থেকে নেমেছিলেন বাক্‌প্রতিবন্ধী ববি বেগম। এরপর আর কোথাও যাননি, স্টেশনটির পরিত্যক্ত একটি কক্ষ ছিল তার আশ্রয়। বিনা বেতনে প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া ও শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করতেন তিনি। স্টেশন ও আশপাশের মানুষসহ অনেক যাত্রী তাকে চিনতেন। কেউ খাবার দিতেন, কেউ টাকা দিয়ে সহযোগিতা করতেন। ওই টাকা খরচ না করে জমিয়েছিলেন।

শনিবার দিবাগত রাত ২টার দিকে ওই কক্ষে ববি বেগম ঘুমিয়ে ছিলেন। ওই সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তার কক্ষে ঢুকে জমানো টাকা তাদের হাতে তুলে দিতে বলে। এতে রাজি না হওয়ায় এই বৃদ্ধার চোখ-মুখে কিলঘুষি ও সারা শরীরে উপর্যুপরি মারধর করা হয়। পরে তার জমানো টাকা খুঁজে বের করে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর তিন দিন পর মঙ্গলবার রাতে অসুস্থবোধ করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অ্যাম্বুলেন্সে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পরদিন বুধবার সকাল ৯টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে তার লাশ স্টেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ। রাত ১০টায় স্টেশন চত্বরে জানাজা শেষে তার লাশ সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

/এসআর/