শিরোনাম

বেড়েছে মুরগির দাম, মাছ-সবজি আগের মতোই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বেড়েছে মুরগির দাম, মাছ-সবজি আগের মতোই
রাজধানীর কারওয়ান বাজারে একটি মাছের দোকান। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর কারওয়ান বাজারে বেড়েছে মুরগির দাম। তবে মাছ ও সবজির দামে তেমন পরিবর্তন দেখা যায়নি।

ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় মুরগির দাম বেড়েছে। ব্রয়লার ও সোনালি মুরগি প্রতি কেজিতে ১০-২০ টাকা করে বেড়েছে। তবে লেয়ার মুরগির দাম আগের মতো ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

‘মা-বাবার দোয়া’ দোকানের স্বত্বাধিকারী মো. জামসেদ আলম বাচ্চু বলেন, সরবরাহ কম থাকায় মুরগির দাম বেড়ে গেছে। আমরা যেখান থেকে আনি, সেখানেই মুরগির সরবরাহ কম।

তিনি জানান, গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম ছিল ১৬০ থেকে ১৭০ টাকা। এ সপ্তাহে প্রতি কেজি ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি গত সপ্তাহে ২৮০ থেকে ৩০০ টাকা ছিল, এ সপ্তাহে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) কারওয়ান বাজারে মাছের দামে তেমন পরিবর্তন দেখা যায়নি। টেংরা মাছের কেজি ১০৫০ টাকা। বড় আকারের রুই প্রতি কেজি ৫০০ টাকা এবং মাঝারি রুই ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি পাবদা মাছ ৪৫০ টাকা ও পোয়া মাছ ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ি মাছের দাম ৫০ টাকা বেড়ে প্রতি কেজি ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা মো. জিয়াউল বলেন, মাছের দাম গত সপ্তাহের মতোই আছে। তবে, বৃষ্টির কারণে সামনের দিনে দাম বাড়তে পারে।

বেড়েছে মুরগির দাম, মাছ-সবজি আগের মতোই
কারওয়ান বাজারে সবজি কিনছেন এক ক্রেতা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

সবজি বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি ঢেঁড়স ৪০ টাকা, চিচিঙ্গা ৪০, ধুন্দল ৫০, পটল ৪০, পেঁপে ৪০, ঝিঙে ৫০, টমেটো ২২০, বেগুন ৬০ ও কাঁচামরিচ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ ৫০ টাকা। শসার দাম বেড়ে প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, বেশিরভাগ সবজির দাম অপরিবর্তিত রয়েছে। তবে রাতে নতুন আসা সবজির দাম বাড়তে পারে।

এদিকে, ডিমের দাম আগের মতোই আছে। ফার্মের লাল ডিম প্রতি হালি ৪০ টাকা এবং সাদা ডিম ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

/এফসি/