শিরোনাম

চট্টগ্রামে বন্যা: ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে অমিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে বন্যা: ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে অমিত
অনিন্দ্য ইসলাম অমিত

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট বন্যার দুর্যোগ মোকাবিলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দিয়েছে সরকার।

শুক্রবার (১০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। এতে বলা হয়েছে, উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমে সব সরকারি সংস্থার কার্যক্রম সমন্বয় করবেন অনিন্দ্য ইসলাম অমিত।

মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, বন্যা পরিস্থিতির ফলে ক্ষয়ক্ষতির পরিসর, স্থানীয় প্রশাসনের নিকট মজুদ ত্রাণ সামগ্রী এবং উদ্ধার কার্যক্রম মূল্যায়ন করবেন প্রতিমন্ত্রী অমিত। এ কার্যক্রমে তিনি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং বাহিনীর কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ দেবেন এবং সমন্বয় নিশ্চিত করবেন।

বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ ও পুনর্বাসন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। সংশ্লিষ্ট এলাকায় ত্রাণসামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিত করার জন্য দ্রুত কার্যক্রম নেওয়া ও তত্ত্বাবধান করার পাশাপাশি বন্যা পরিস্থিতি ও গৃহীত কার্যক্রম সম্পর্কে সময়ে সময়ে সরকারকে অবহিত করবেন তিনি।

আরও বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, কমিশনার, চট্টগ্রাম বিভাগ; সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা দেবে।

/এফসি/