শিরোনাম

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
কারাদণ্ডপ্রাপ্ত আহাদ শেখ। ছবি: সিটিজেন জার্নাল

ফরিদপুরে যৌতুক না দেওয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আহাদ শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজার পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ফরিপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ে অপর দুই আসামি মোহাম্মদ শেখ ও মাহিমকে খালাস দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামি আহাদ শেখ জেলার সালথা উপজেলার বল্লভদী গ্রামের মৃত বাদশা শেখের ছেলে।

মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের রুবাইয়ার সঙ্গে আহাদের বিয়ে হয়। বিয়ের ৩ বছর পর আহাদ সৌদি আরব যাওয়ার জন্য স্ত্রীর কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন। তাকে এক লাখ টাকা দেওয়া হয়। কিন্তু ২ লাখ টাকা দিতে না পারায় ২০১৮ সালের ৮ আগস্ট আহাদ তার স্ত্রীকে প্রথমে মারধরের পর মুখে বিষ ঢেলে হত্যা করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, স্ত্রী রুবাইয়া বেগমকে যৌতুকের দাবিতে মারপিট করে হত্যা করে আহাদ শেখ। এ ঘটনায় নিহতের মা রোমেছা বেগম বাদী হয়ে সালথা থানায় হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন। রায়ে আমরা সন্তুষ্ট।

/এসআর/