শিরোনাম

নতুন সংসদের কাছে মানুষের প্রত্যাশা অনেক: ডেপুটি স্পিকার

ফরিদপুর সংবাদদাতা
ফরিদপুর সংবাদদাতা
নতুন সংসদের কাছে মানুষের প্রত্যাশা অনেক: ডেপুটি স্পিকার
ব্যক্তিগত সফরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

২৪-এর ছাত্র গণঅভ্যুত্থানের পরে নতুন সংসদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাউতিকান্দা গ্রামে ব্যক্তিগত সফরে গিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। অতীতের বিভিন্ন নির্বাচিত সংসদ নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা ছিল। তবে বর্তমান সংসদে জনগণের প্রতিনিধিত্ব, মতপ্রকাশ এবং গণতান্ত্রিক চর্চার সুযোগ বিস্তৃত হয়েছে। এখন জাতীয় সংসদে সরকারি দল, বিরোধী দল তাদের স্ব স্ব বক্তব্য রাখতে পারছেন। দেশ-জাতির আগামী দিনের দিক-নির্দেশনা দিচ্ছেন, কীভাবে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে সেই বিষয়ে তারা বিস্তারিত তুলে ধরতে পারছেন।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। সেই সঙ্গে জনগণের সব আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে যেন সংসদ প্রতিষ্ঠিত হয়– সেইভাবে আমরা পরিচালিত করছি।

এ সময় ডেপুটি স্পিকারে সঙ্গে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান ওরফে বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা এবং ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/