শিরোনাম

নির্বাচনের দিন চলবে অতিরিক্ত মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
নির্বাচনের দিন চলবে অতিরিক্ত মেট্রোরেল
মেট্রোরেল (ছব:সংগৃহীত)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অতিরিক্ত মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এই সময়গুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। আর নির্বাচনে দিন আমরা এক্সট্রা ট্রেন দেব। কোনো অসুবিধা নেই।’

ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভোটের জন্য ছুটির দিনগুলোতেও স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রো ট্রেন চলাচল করবে। তবে নিরাপত্তার স্বার্থে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে, সেসব গেট বন্ধ রাখা হবে। অন্য গেটগুলো খোলা থাকবে।

ডিএমটিসিএলের কর্মীদের ছুটি বাতিল

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে বলা হয়েছে, ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ, আবশ্যকীয় নিরাপত্তা কার্যক্রম এবং সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীর সব ধরনের ছুটি (বিশেষ বা জরুরি ক্ষেত্র ব্যতীত) বাতিল করা হলো। একইসঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

/বিবি/