শিরোনাম

শিগগিরই কক্সবাজার থেকে চালু হবে আন্তর্জাতিক ফ্লাইট

সিটিজেন ডেস্ক
শিগগিরই কক্সবাজার থেকে চালু হবে আন্তর্জাতিক ফ্লাইট
কক্সবাজার বিমানবন্দর। ছবি: প্রতিনিধি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী আফরোজা খানম বলেন, কক্সবাজার বিমানবন্দর হতে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে আন্তর্জাতিক নিয়মনীতি ও উপযুক্ততা যাচাইপূর্বক আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)-এর সনদপত্র নেওয়া হয়েছে।

তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দরে পূর্ণ লোডে সুপরিসর বিমান অবতরণ ও উড্ডয়ন নিশ্চিতকরণসহ অপারেশনাল সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে রানওয়ে সমুদ্রের দিকে ৯,০০০ ফুট হতে ১০,৭০০ ফুটে বর্ধিত করা হয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে ১৭,৯৫৫ বর্গমিটার আয়তনবিশিষ্ট নতুন আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। সব অপারেশনাল সুবিধাদিসহ টেস্টিং ও কমিশনিং করে পুরোদমে চালু করতে কয়েক মাস সময় লাগবে।

/এসআর/