শিরোনাম

জামিনে থাকা ‘পিচ্চি জাহেদ’ খুন

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
জামিনে থাকা ‘পিচ্চি জাহেদ’ খুন
নিহত জাহেদুল ইসলাম ওরফে ‘পিচ্চি জাহেদ’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর মধ্যে ১ নম্বরে থাকা জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী।

এর আগে, গতকাল রবিবার দিবাগত রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকায় হামলার শিকার হন পিচ্চি জাহেদ। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত জাহেদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে মোটরসাইকেল নিয়ে সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকার একটি সড়ক দিয়ে যাচ্ছিলেন জাহেদ। এ সময় ওই এলাকায় আগে থেকেই ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়। তারা জাহেদকে ঘিরে ধরে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জাহেদকে মৃত ঘোষণা করেন।

সিএমপির তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুতে জননিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম নগরীতে ৩৩০ জন দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এই তালিকার এক নম্বরে ছিলেন নিহত জাহেদুল ইসলাম ওরফে ‘পিচ্চি জাহেদ’।

পুলিশ জানায়, চলতি বছরের ১৯ জানুয়ারি সাতকানিয়ার পুরানগড় এলাকায় ১০৪টি ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন জাহেদ। তিনি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন। তবে এর কয়েক মাসের মধ্যেই তাকে কুপিয়ে হত্যা করা হলো।

পুলিশের প্রাথমিক ধারণা, এলাকায় মাদক ও অস্ত্রের কারবার, আধিপত্য বিস্তার, অপরাধী চক্রগুলোর বিরোধ কিংবা পুরোনো শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/