শিরোনাম

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগে বাবা আটক

পটুয়াখালী সংবাদদাতা
পটুয়াখালী সংবাদদাতা
আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগে বাবা আটক
অভিযুক্ত মো. মারুফ মুন্সি ও লিখিত চুক্তিপত্র

পটুয়াখালীর দশমিনায় আইফোন কিনতে নিজের দেড় বছরের শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগে বাবা মো. মারুফ মুন্সিকে আটক করেছে পুলিশ।

রবিবার (৩০ আগস্ট) রাতে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

অভিযোগ ওঠা বাবার নাম মো. মারুফ। তিনি ওই গ্রামের মফিজ মুন্সির ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি।

এর আগে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, শনিবার সকালে মারুফ তার ছেলেকে নিয়ে ঘুরতে যাবে বলে বের হয়। কিন্তু বেলা গড়িয়ে গেলেও ফিরে না আসায় তারা বিভিন্ন জায়গায় খোঁজ নিতে শুরু করেন। পরে মোবাইলফোনে মারুফের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ হলে তিনি জানান, দশমিনার আলীপুর ইউনিয়নের রোমানাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে শিশুটিকে লিখিতভাবে দিয়ে দিয়েছেন। এর বিনিময়ে এক লাখ টাকা পেয়েছেন। পরিবারের দাবি, ওই টাকা ও নিজের পুরোনো আইফোনের সঙ্গে অতিরিক্ত টাকা যোগ করে মারুফ নতুন আইফোন কিনেছেন।

এ ঘটনায় রবিবার মারুফকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ঢাকায় ইমরানের সঙ্গে মারুফ রাজমিস্ত্রির কাজ করেন। সেই সুবাদে ইমরানের কাছে শিশুটিকে বিক্রি করেছেন। জানতে পেরে শিশুটিকে গলাচিপা উপজেলার চর কাজল এলাকা থেকে উদ্ধার করতে গিয়েছে পুলিশ।

এ ঘটনায় ইমরান হোসেনকেও থানায় আনার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

/জেএইচ/