শিরোনাম

নগরবাসীর সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
নগরবাসীর সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়: ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় জানিয়ে বলেছেন, ডেঙ্গু থেকে আমাদের সন্তানদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই এই বিশেষ মশক নিধন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পরিচ্ছন্নকর্মী ও মশককর্মীরা তাদের দায়িত্ব পালন করবেন, তবে নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া এ কার্যক্রম সফল করা সম্ভব নয়।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন প্রাঙ্গণে মশক নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর বিশেষ প্রচারাভিযান ‘অপারেশন ক্লিন হোম, হেলদি লাইফস’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সামনে আরো বড় পরিসরে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।

এই বিশেষ প্রচারাভিযান আগামী ২১ মে পর্যন্ত চলবে। প্রতিদিন ডিএনসিসির ১০ জন এবং ব্র্যাক-এর ১০ জন মশককর্মী এ কার্যক্রমে অংশ নেবেন।

কর্মসূচি উদ্বোধনের পর প্রশাসক আশেপাশের বিভিন্ন বাড়িতে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন ও স্থানীয় মানুষকে ডেঙ্গু নিয়ন্ত্রনে কর্পোরেশনের সাথে সহোযোগিতার আহবান জানান।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী। তিনি বলেন, মশা নিয়ন্ত্রণ শুধু সরকারের দায়িত্ব নয়; এ বিষয়ে সকল নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সম্মিলিত সচেতনতাই এ সমস্যার কার্যকর সমাধান দিতে পারে।

/টিই/