শিরোনাম

রাজধানীতে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
রাজধানীতে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি
ছবি: সিটিজেন গ্রাফিক্স

রাজধানীর উত্তরায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে হেলমেট পরা দুই দুর্বৃত্ত। মোটরসাইকেলে করে এসে তারা এই হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

মঙ্গলবার (১১ মার্চ) বিকাল প্রায় ৫টা ৫০ মিনিটে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বাড়িটির মালিক আবুল কাশেম এ কে এস বি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তার এক আত্মীয় জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে বাড়ির গেটে দুটি গুলি করে পালিয়ে যায়। পরে বাড়ির সামনে থেকে আরও দুটি তাজা গুলির খোসা উদ্ধার করে পুলিশ।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে এসে প্রথমে বাড়িটি রেকি করে। পরে সামনের রাস্তায় লোকজনের চলাচল কমে গেলে তারা আবার ফিরে এসে গুলি ছোড়ে এবং পাশের একটি গলি দিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সময় বাড়ির নিরাপত্তাকর্মী রফিকুল ইসলাম পার্কিং এলাকায় ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি বলেন, হঠাৎ গুলির শব্দ শুনে দেখি অজ্ঞাত দুজন ব্যক্তি দ্রুত মোটরসাইকেলে করে চলে যাচ্ছে।

ডিএমপির উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে বাড়িটির স্টিলের গেটে দুই রাউন্ড গুলি করে পালিয়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

/এসএ/