শিরোনাম

১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

ঢাবি সংবাদদাতা
ঢাবি সংবাদদাতা
১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আগামী ১ জুলাই উদ্যাপিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। ১৯২১ সালের এই দিনে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিদ্যাপীঠের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। এ বছর বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’।

দিবসটি উদ্যাপনের সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে এক সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সভায় তিনি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদ্যাপনে সবার সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে শিক্ষা ও গবেষণার উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রস্তুতি সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১ জুলাই সকাল সাড়ে ৯টায় উপাচার্য ভবন সংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জমায়েতের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর সকাল পৌনে ১০টায় উপাচার্যের নেতৃত্বে সেখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সম্মুখস্থ পায়রা চত্বরে গিয়ে শেষ হবে।

সকাল ১০টায় পায়রা চত্বরে জাতীয় পতাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলগুলোর নিজস্ব পতাকা উত্তোলন করা হবে। এ সময় জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশিত হবে। এরপর সকাল সাড়ে ১০টায় টিএসসি মিলনায়তনে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে একটি বিশেষ স্মরণিকা প্রকাশ করা হবে এবং ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরির জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশদ্বারে তোরণ নির্মাণ করা হবে।

/এমআর/