শিরোনাম

নাশকতার আশঙ্কা: ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নাশকতার আশঙ্কা: ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
রাস্তায় টহলরত সেনাবাহিনীর সদস্যরা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় ঢাকাসহ দেশের ৬ জেলা সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাকি ৫টি জেলা হলো– চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর।

সোমবার (২২ জুন) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এসব জেলায় সতর্ক অবস্থানে থাকবে সেনাবাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কে এম ইয়াসির আরাফাত সোমবার সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবর লেখা এক চিঠিতে ছয় জেলায় সেনা মোতায়েনের অনুরোধ জানান।

চিঠিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

আরও বলা হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্যও মোতায়েন করা হয়েছে।

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে অরাজকতা হতে পারে– এমন আলোচনা কয়েকদিন ধরেই ছিল। গত বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তর থেকে একটি 'জরুরি বার্তা'ও পাঠানো হয়। সেখানে বলা হয়, দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এর ফলে দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষ হওয়ার আশঙ্কা রয়েছে।

/এফসি/