শিরোনাম

আওয়ামী লীগ-ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
আওয়ামী লীগ-ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কথিত নৈরাজ্যকর তৎপরতার প্রতিবাদে রাজধানীতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (২২ জুন) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। আয়োজকদের দাবি, এতে ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

পরে সন্ধ্যার পর একই স্থানে আবারও পৃথক একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, সহ-সম্পাদক শাদমান সাকিব, হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবরার লাবিব উদয়, মুজিব হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহীন এবং এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম শামীমসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

মিছিল-পরবর্তী সমাবেশে খোরশেদ আলম সোহেল বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদী শক্তির বিচার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।’

তিনি আরও বলেন, গণতন্ত্রবিরোধী যেকোনো অপচেষ্টা মোকাবিলায় ছাত্রদল মাঠে থেকে সাংগঠনিক কর্মসূচি অব্যাহত রাখবে।

/এমআর/