শিরোনাম

রণক্ষেত্র ডুয়েট, আহত ১৫

গাজীপুর সংবাদদাতা
রণক্ষেত্র ডুয়েট, আহত ১৫

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপে ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট।

রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। এর শিক্ষা ব্যবস্থা, বাস্তবতা ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহিরাগত কাউকে না এনে প্রতিষ্ঠানের ভেতরে থাকা শিক্ষকদের মধ্য থেকে যোগ্য একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া প্রয়োজন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবালক হোসেনকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। নিয়োগের প্রজ্ঞাপন জারি হলে ওইদিন রাতেই বিশ্ববিদ্যালয়ের ভেতর আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এ নিয়ে ওইদিন রাতেই বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা দেয় শিক্ষার্থীরা।

তিনি বলেন, রবিবার সকালে শিক্ষার্থীরা ফের আন্দোলন শুরু করলে কিছু বহিরাগত লোক ভিসির পক্ষ নিয়ে ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বলেন,গত দুইদিন ধরেই ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন। তারা পরিস্থিতিতে নিয়ন্ত্রণে চেষ্টা করছেন।

/এসবি/