শিরোনাম

পাবিপ্রবি হবে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়: নতুন উপাচার্য

পাবনা সংবাদদাতা
পাবিপ্রবি হবে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়: নতুন উপাচার্য
শনিবার পাবিপ্রবিতে উপাচার্য হিসেবে যোগ দেন অধ্যাপক ড. আবুল হাসান মোহা. শামীম।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)’র নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম যোগদান করেছেন। যোগ দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়কে সুশিক্ষা, গবেষণা ও সমাজসেবার হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শনিবার (১৬ মে) সকালে তিনি ক্যাম্পাসে পৌঁছালে উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর উপাচার্য কার্যালয়ে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ড. আবুল হাসনাত।

গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এগ্রিকালচাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (এসএআরডি) এর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও কোষাধ্যক্ষ ড. আবুল হাসনাত মোহা. শামীমকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেন।

দুপুরে সদ্য যোগদানকৃত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, গবেষণা সেলের পরিচালক, রেজিস্ট্রার ও দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় উপাচার্য ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, বিশ্ববিদ্যালয়কে সুশিক্ষা, গবেষণা ও সমাজসেবার হাব হিসেবে গড়ে তোলা হবে। যুগের সঙ্গে মিল রেখে চাহিদা সম্পন্ন বিভাগ খোলা হবে। শিক্ষার্থীদেরকে সামাজিক দায়বদ্ধতার সংস্কৃতিতে উৎসাহিত করা হবে। তাদেরকে নৈতিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হবে। সর্বত্র স্বচ্ছতা, জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলা হবে। সবাইকে সচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার মান বাড়াতে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সবুজ ক্যাম্পাস হিসেবে গড়তে হবে। গতানুগতিকের বাইরে নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এ সময় শিক্ষকরাও তাদের মতামত তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

/এসআর/