শিরোনাম

৭ কলেজের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি ঘোষণা

ঢাকা কলেজ সংবাদদাতা
৭ কলেজের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স ও মাস্টার্সের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়েছে। সোমবার (৮ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ২০২৫ সালের অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষ এবং মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার ফরম পূরণ ও সম্ভাব্য পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ঢাকা কলেজের অধ্যক্ষের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম ও সংশ্লিষ্ট আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করা যায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অনার্স প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা আগামী আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা একই মাসের চতুর্থ সপ্তাহে শুরু হতে পারে। এছাড়া তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

অন্যদিকে, মাস্টার্স শেষ পর্বের চূড়ান্ত পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

/এমআর/