শিরোনাম

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস

সিটিজেন ডেস্ক
দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস
ঝড় ও বজ্রপাত। ছবি: সিটিজেন গ্রাফিক্স

দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (২৮ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী ও সিলেট অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে বুধবার রাতে দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঝোড়ো হাওয়া বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

/জেএইচ/