শিরোনাম

জাতীয় চিড়িয়াখানায় ঠাঁই হলো ডোনাল্ড ট্রাম্পের

সিটিজেন ডেস্ক
জাতীয় চিড়িয়াখানায় ঠাঁই হলো ডোনাল্ড ট্রাম্পের
আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া জাগানো বিরল অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না। ৭০০ কেজি ওজনের আলোচিত মহিষটির নতুন ঠিকানা হয়েছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। বুধবার (২৭ মে) জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত বিরল প্রজাতির এ প্রাণীটিকে সংরক্ষণ করতেই সরকারের পক্ষ থেকে বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সাদা চুল আর চোখের বিশেষ গড়নের কারণে সাবেক মার্কিন প্রেসিডেন্টের চেহারার সঙ্গে মিল থাকায় নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া এগ্রো ফার্মের’ মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই শখের বশে মহিষটির নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। ব্যতিক্রমি এ নামের কারণে মহিষটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ওঠে। তবে ভাইরাল হওয়ার আগেই ঢাকার জিনজিরা এলাকার সামির নামের এক ক্রেতা প্রতি কেজি ৫৫০ টাকা লাইভ ওয়েট দরে মহিষটি কোরবানি দেওয়ার উদ্দেশ্যে কিনে নিয়েছিলেন।

পরবর্তীতে মহিষটির খবর ছড়িয়ে পড়লে এটি একনজর দেখতে বরিশাল, কুমিল্লাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক মানুষের ঢল নামে। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও রয়টার্সেও মহিষটিকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়। দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করা ‘ডোনাল্ড ট্রাম্প’কে তাই শেষ পর্যন্ত আর কোরবানি না দিয়ে দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানায় স্থায়ীভাবে রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/এমএকে/