শিরোনাম

৪ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

সিটিজেন ডেস্ক
৪ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
ঝড়। ছবি: সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহসহ দেশের চারটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৭ মার্চ) ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, গতকাল রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

/জেএইচ/