শিরোনাম

ইসরায়েলি বাহিনী ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের

সিটিজেন ডেস্ক
ইসরায়েলি বাহিনী ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের
ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। ছবি: সংগৃহীত

একইসঙ্গে ফিলিস্তিনের গাজা, ইরান ও লেবাননের বিরুদ্ধে সম্মুখসারিতে যুদ্ধ করছে ইসরায়েলি বাহিনী। এতে করে বাহিনীতে সেনা সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে ইসরায়েলি বাহিনী ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির।

ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ইয়াল জামির। সেখানে তিনি বলেন, আমি আপনাদের সঙ্গে ১০টি লাল পতাকা তুলছি। সেনা সংকটের কারণে খুব শিগগিরই সেনাবাহিনী সাধারণ অভিযানও চালাতে অক্ষম হয়ে পড়বে।

এমন পরিস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে কিছু সুপারিশও তুলে ধরেন ইসরায়েলি সেনাপ্রধান। তিনি বলেন, সেনাবাহিনীর জন্য সেনা নিয়োগ আইন, প্রাক্তন সেনাদের দায়িত্বে ফেরানো সংক্রান্ত আইন এবং সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে দায়িত্বের সময়সীমা বাড়ানো সংক্রান্ত আইনের প্রয়োজন।

এদিকে বৃহস্পতিবার (২৬ মার্চ) লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সংঘর্ষে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের একজন সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, হিজবুল্লাহর সঙ্গে গোলাগুলি চলাকালে গোলানি ব্রিগেডের সার্জেন্ট ওরি গ্রিনবার্গ (২১) নিহত হন। গুলিতে আরও একজন সৈনিক আহত হয়েছিলেন, কিন্তু ঘটনাস্থলেই তাকে চিকিৎসা দেওয়া হয়।

এ নিয়ে ওই এলাকায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। লেবাননে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েল।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/