শিরোনাম

পিএসএলের প্রথম ম্যাচে মোস্তাফিজ-ইমনদের জয়

সিটিজেন স্পোর্টস ডেস্ক
পিএসএলের প্রথম ম্যাচে মোস্তাফিজ-ইমনদের জয়
পিএসএলে মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামে মোস্তাফিজ-ইমনের দল লাহোর কালান্দার্স। তবে অভিষেক ম্যাচে নিজের ইনিংস বড় করতে পারেননি পারভেজ হোসেন ইমন। ১৩ বলে করেছেন মাত্র ১৪ রান। অন্যদিকে নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে একটি উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাদের বিপক্ষে হায়দরাবাদ কিংসমেন ৬৯ রানের বড় ব্যবধানে হারে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্স ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৯৯ রান। দলের হয়ে ওপেনার ফখর জামান ৩৯ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। হাসিবউল্লাহ খান ২৮ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। এছাড়া মোহাম্মদ নাঈম ১৯ বলে ৩০ এবং সিকান্দার রাজা ১০ বলে ২৪ রানের কার্যকর ক্যামিও ইনিংস খেলেন।

সর্বশেষ বিপিএলে সিলেটের হয়ে মিডল অর্ডারে খেলেছেন পারভেজ হোসেন ইমন। লাহোর কালান্দার্সও তাকে একই ভূমিকায় নামায়। ওপেনিং জুটির ভালো শুরুর পর ১০ রানের ব্যবধানে তিন উইকেট হারায় দলটি। চার নম্বরে নেমে মার্নাস লাবুশেনের বলে লং অনে একটি ছক্কা হাঁকান ইমন। তবে রাইলি মেরেডিথের বল খেলতে গিয়ে টাইমিংয়ে ভুল হওয়ায় রিজওয়ান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে ১৪ রানে বিদায় নেন এই বাংলাদেশি ব্যাটার।

শেষদিকে হাসিবউল্লাহ খান, সিকান্দার রাজা ও শাহীন আফ্রিদির কার্যকর ক্যামিও ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করায় লাহোর। হায়দরাবাদের হয়ে রাইলি মেরেডিথ ও হাসান খান দুটি করে উইকেট শিকার করেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে হায়দরাবাদ কিংসমেন শুরুটা মোটামুটি ভালোই করে। যদিও দ্রুতই দুই ওপেনারকে হারায় তারা। উসমান খান ৯ ও সাইম আইয়ুব ১৭ রান করেন। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৪৮ রান তোলে দলটি।

এরপরই ম্যাচে মোড় ঘুরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। ষষ্ঠ ওভারে আক্রমণে এসে নিজের প্রথম স্পেলের দুই ওভারে মাত্র ৯ রান দেন এবং একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তার স্লোয়ারে ইরফান খান ক্যাচ আউট হন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ হারের পথে ছুটতে থাকে পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ।

লাবুশেনের ২২ বলে ২৬ রানের ইনিংসই হায়দরাবাদের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এরপর নয় নম্বরে নেমে রাইলি মেরেডিথ ১৯ রান করেন, যা দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। শেষদিকে আরও দুই ওভারের স্পেলে বোলিং কোটা পূর্ণ করেন মোস্তাফিজুর রহমান, তবে আর কোনো উইকেট পাননি তিনি। ৪ ওভারে তার বোলিং ফিগার দাঁড়ায় ১৯ রান দিয়ে ১ উইকেট।

অন্যদিকে হারিস রউফ, সিকান্দার রাজা ও উবাইদ শাহ দুটি করে এবং শাহিন আফ্রিদি একটি উইকেট নেন। সব মিলিয়ে ১৩০ রানেই অলআউট হয়ে পিএসএলে যাত্রা শুরু করে হায়দরাবাদ।

/জেএইচ/