শিরোনাম

হাদি হত্যা মামলার ২ আসামি ১১ দিনের রিমান্ডে

সিটিজেন ডেস্ক
হাদি হত্যা মামলার ২ আসামি ১১ দিনের রিমান্ডে
শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীর। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর হোসেনের ১১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে দিল্লির একটি আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) তাদের দিল্লিতে বিশেষ আদালতে তোলা হয়। দুই পক্ষের বক্তব্য শুনে দিল্লির পাটিয়ালা হাউজ কোর্টের অতিরিক্ত সেশন জজ প্রশান্ত শর্মা তাদের ১১ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

তার আগে গত সোমবার (২৩ মার্চ) ওই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে যায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা-ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।

এনআইএ সূত্র জানায়, আদালতের সিনিয়র পাবলিক প্রসিকিউটর রাহুল ত্যাগী ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে যাবতীয় নথি আদালতে দাখিল করে বলেছেন, অভিযুক্তরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন, ফলে ষড়যন্ত্রের বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

উল্লেখ্য, ৭ ও ৮ মার্চের মধ্যবর্তী সময়ে ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তদন্তকারী কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ভারতে গ্রেপ্তার ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বলেন, ওই দুইজনকে দেশে ফিরিয়ে আনতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সরকার। বন্দী বিনিময় চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

/টিই/