শিরোনাম

মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে নিরবতা ভাঙলেন লাপোর্তা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে নিরবতা ভাঙলেন লাপোর্তা
মেসি ও লাপোর্তা। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার সেই মুহূর্ত ফুটবল ইতিহাসের অন্যতম ট্র্যাজেডি বললে ভুল হবে না। মেসিকে ছেড়ে দেওয়ার কারণ প্রসঙ্গে আগেও মুখ খুলেছিলেন বার্সেলোনা ক্লাবের প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা। এবার এক সাক্ষাৎকারে জানালেন ঠিক কী ঘটেছিল মেসির সঙ্গে, কেন মেসির সঙ্গে লাপোর্তার সম্পর্ক আর আগের মতো নেই।

বার্সেলোনার প্রেসিডেন্টের পদ থেকে কদিন আগে পদত্যাগ করেন লাপোর্তা। ক্লাবটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হতে নিয়মানুযায়ী সরে দাড়ান তিনি। নির্বাচনের আগে কাতালুনিয়া রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা মেসির বিদায়ের পেছনের আর্থিক ও প্রাতিষ্ঠানিক কারণ ব্যাখ্যা করেন।

সিভিসি নামে একটি চুক্তিতে যেতে না চাওয়ার কারণেই নাকি মেসি ছাড়তে বাধ্য হয় বার্সা। এই চুক্তি করলে মাঠের ও বাণিজ্যিক উন্নয়নের জন্য তহবিল পেতো ক্লাব কিন্তু সেই চুক্তি দীর্ঘমেয়াদে ক্লাবের জন্য ক্ষতিকর হতে পারে বলে লাপোর্তা স্বীকার করেন, ‘তাকে (মেসি) নিবন্ধন করাতে আমরা সিভিসি চুক্তিতে যেতে চাইনি, কারণ আমরা মনে করেছি এটি ক্লাবের জন্য ক্ষতিকর। বার্সেলোনা খেলোয়াড়, কোচ বা সভাপতি সবকিছুর ঊর্ধ্বে—তাই আমরা সেটা করতে পারিনি। সভাপতি হিসেবে এটিই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে।’

লাপোর্তা মেসির সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ক ও প্রথম দফার সভাপতি থাকার সময় থেকে গড়ে ওঠা স্নেহ-ভালোবাসার স্মৃতিও তুলে ধরেন। ‘আমার প্রথম মেয়াদ থেকেই মেসি ও আরও কয়েকজন খেলোয়াড়কে আমি চিনতাম। তাদের প্রতি স্বাভাবিকভাবেই ভালোবাসা ও গভীর শ্রদ্ধা তৈরি হয়।’

তবে সময়ের সঙ্গে দুজনের সম্পর্কও আর আগের মতো থাকেনি বলেও জানান লাপোর্তা।

২০২৩ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের একটি ঘটনা দুজনের দূরত্ব আরও বাড়িয়ে দেয়, ‘মেসির সঙ্গে সম্পর্ক আগের মতো নেই। ব্যালন ডি’অর অনুষ্ঠানে আমি তাকে শুভেচ্ছা জানাতে গেলে সে মনে করেছিল আমাদের একে অপরকে শুভেচ্ছা জানানো উচিত নয়।’

অবশ্য এখন সম্পর্ক কিছুটা উন্নতি হয়েছে বলছেন বার্সার সদ্য সাবেক সভাপতি, ‘এরপর থেকে কিছুটা কাছাকাছি আসার চেষ্টা হয়েছে এবং আমরা আশা করি ভবিষ্যতে সেটি আরও এগোবে। সম্পর্ক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সে বার্সেলোনার কিংবদন্তি।’

২০২১ সালের জুনে বার্সেলোনা ছাড়েন মেসি।

/টিই/